জঙ্গি কার্যকলাপ বেড়েই চলেছে কাশ্মীরে; পড়ুন!

Spread the love
জঙ্গি কার্যকলাপ বেড়েই চলেছে কাশ্মীরে। অবৈধ অনুপ্রবেশ, অতর্কিতে হামলার পর এ বার যোগ হয়েছে স্নাইপার অ্যাটাক। স্নাইপার রাইফেলের সাহায্য দূর থেকেই হামলা চালাচ্ছে জঙ্গিরা। শনিবার সকালেই নওগাঁওয়ে এক পাওয়ার গ্রিড পাহারা দেওয়ার সময় স্নাইপারের গুলিতে রাজেন্দ্র প্রসাদ নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর শনিবার রাত ১ টা নাগাদ পাহারা দেওয়ার সময় তাঁর মুখে এসে লাগে গুলি। আর এই ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশ, সেনা সবার কপালেই। পরিস্থিতি এমনই যে কাশ্মীরের আইজি পি পাণি কীভাবে এই হামলা রোখা যায়, সে বিষয়ে কিছু গাইডলাইনও পাঠিয়েছেন পুলিশ কর্তাদের কাছে। বিভিন্ন পুলিশ স্টেশন ও ব্যারাকে ইতিমধ্যেই সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, এই নিয়ে বেশ কয়েকবার দক্ষিণ কাশ্মীরে স্নাইপার হামলা করেছে জঙ্গিরা। এর আগে ১৮ অক্টোবর পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে স্নাইপার হামলায় দুই জওয়ান আহত হয়েছেন। ২১ অক্টোবর ট্রালে স্নাইপার হামলায় এক সীমা সুরক্ষা বল-এর জওয়ান নিহত হয়েছেন। ২৫ অক্টোবর ট্রালেই ফের স্নাইপার হামলায় আরও এক সেনা জওয়ান নিহত হওয়ার খবর এসেছে।
নির্দেশিকায় আইজি পাণি জানিয়েছেন, এই নতুন ধরণের হামলার ব্যাপারে সেনা জওয়ান ও পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। দেখতে হবে যাতে সহজেই দূর থেকে টার্গেট না করা যায়। তার জন্য সেনা ও পুলিশ ক্যাম্পের পাঁচিলের উচ্চতা বাড়াতে হবে। সেই সঙ্গে পাহারা দেওয়ার সময় যাতে জঙ্গিরা দূর থেকে টার্গেট করার জায়গা না পায়, সেই ব্যাপারেও সুনিশ্চিত হতে হবে।
শুধুমাত্র পুলিশ কর্মী ও সেনা জওয়ানই নয়, স্নাইপারের সাহায্যে জঙ্গিরা কাশ্মীরের বড় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদেরও নিশানা করতে পারে বলে মত আইজি’র। আর সেইজন্য রাজনৈতিক নেতা ও প্রশাসনিক ব্যক্তিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার সঙ্গে কাশ্মীর জুড়ে প্রতিদিন তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সেনা, পুলিশ ও সিআরপিএফকে।
শনিবারের হামলার দায় নিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। আগের সব হামলার দায়ও নিয়েছে তারা। পুলিশ সূত্রে খবর, গত এক মাসে শুধু পুলওয়ামা জেলাতেই চারটে স্নাইপার হামলার ঘটনা ঘটেছে। পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মুনির আহমেদ খান জানিয়েছেন, প্রত্যেকটি ঘটনারই তদন্ত চলছে। এই সব হামলায় কী ধরণের স্নাইপার রাইফেল ব্যবহার কর হয়েছে, সেটা এখনও জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*