রোজদিন ডেস্ক : কানাডায় (Canada) গ্রেফতার হলেন বিশিষ্ট খলিস্থানি নেতা ইন্দ্রজিৎ। কানাডার নিহত খলিস্থানি নেতা পান্নুনের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করে ভারতকে ইতিবাচক বার্তা দিল ওই দেশ। প্রসঙ্গত, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পান্নুন হত্যায় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী কার্নি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী বলে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে। দিল্লিতে অতি সম্প্রতি কানাডার নিরাপত্তা উপদেষ্টা নাথালি দ্রুইনের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর বৈঠকের পর ইন্দ্রজিৎ-এর গ্রেফতার তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।
ধৃত খলিস্থানি নেতার বিরুদ্ধে অস্ত্র রাখা-সহ একাধিক অভিযোগ আছে। কানাডার কুখ্যাত খলিস্থানি নেতা পান্নুনের হত্যার পর ইন্দ্রজিৎ এই সংগঠনের সামনের সারিতে চলে আসে। গত বছর গ্রেটার টরেন্টোয় হিন্দু মন্দিরে চড়াও হওয়ার অভিযোগে তাকে আর একবারও গ্রেফতার করেছিল পুলিশ। সে এক সময় নিহত পান্নুনের নিরাপত্তা অফিসার হিসাবেও কাজ করেছে বলে জানা যায়।
উল্লেখ্য, একদা পঞ্জাবে ত্রাস সৃষ্টি করা খলিস্থানিদের অনেকেই কানাডায় বাস করে। সেখান থেকেই ভারতের বিরুদ্ধে তাদের লাগাতার বিষোদগারও অব্যাহত।

Be the first to comment