প্রতিবেদন: ১৪৪ থেকে বেড়ে আগামী পুরভোটের আগে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা হবে ২০৯। এর কারণ, আসন পুনর্বিন্যাস। এবার আসন বিন্যাসের খসড়া প্রস্তাব প্রকাশিত হল। কোন কোন আসন মহিলা ও তফসিলি জাতি, উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষণ করা হবে তা নিয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়ায় ২০৯টি আসনের ৬৬টি জেনারেল ক্যাটেগরির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ১২টি আসন সংরক্ষিত রাখা হয়েছে তফসিলি জাতির প্রার্থীদের জন্য। তার মধ্যেও আবার ৪টি মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ মোট ৭০টি আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। কিন্তু এই খসড়া প্রস্তাব নিয়ে সন্তুষ্ট নয় সিপিআইএম ও কংগ্রেস। এর আগেও তারা এই নিয়ে পুরসভায় গিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিল। তাদের অভিযোগ, বিজেপি নিজেদের রাজনৈতিক সুবিধা মতো ডিলিমিটেশন করাচ্ছে। এই নিয়ে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এই তালিকা নিয়ে সাধারণ মানুষ, রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট ব্যক্তি কারও কোনও অভিযোগ বা আপত্তি থাকলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে জানানো যাবে। ২ সপ্তাহ পর এই খসড়াটি বিবেচনার জন্য গ্রহণ করা হবে। তার আগে সব অভিযোগ খতিয়ে দেখা হবে। সব অভিযোগ নিষ্পত্তি করার পরেই পুরসভার চূড়ান্ত আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণ তালিকা প্রকাশ করা হবে।

Be the first to comment