প্রতিবেদন: KOLAGHAT CONTROVERSY : সরকারি অনুষ্ঠানের মঞ্চে বিজেপির দলীয় প্রতীক! আর সেই মঞ্চে পদ্ম প্রতীক লাগানো পোডিয়ামে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন জেলাশাসক থেকে পুলিশ সুপার, সবাই। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের এক অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠছে, সরকারি অনুষ্ঠানের মঞ্চে কীভাবে বিজেপির দলীয় প্রতীক এল? আরও প্রশ্ন, সেই মঞ্চে আইএএস ও আইপিএস অফিসাররা কেন উপস্থিত হলেন এবং ভাষণও দিলেন?
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেক বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত বিধায়ক সেবা কেন্দ্রের কথা ঘোষণা করেছেন। সেই অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত মাইতির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে গেট, সব জায়গায় বিজেপির প্রতীক লাগানো হয়েছিল। যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এমনকি পোডিয়ামেও বড় বড় করে সাঁটানো হয়েছিল দলীয় প্রতীক। আর সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখতে দেখা যায় জেলাশাসক এবং পুলিশ সুপারকে। মঞ্চে এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, সেচমন্ত্রী অরূপ দাস, বিজেপি নেত্রী ভারতী ঘোষ-সহ অন্যরা।

Be the first to comment