রোজদিন ডেস্ক : শহরের ৫টি থানার সীমানা পরিবর্তন করল কলকাতা পুলিশ। এর ফলে কোনও থানার গুরুত্ব বাড়ল, কোনওটার কমল। পরিবর্তিত নির্দেশ আজ থেকেই কার্যকর হল। এই মুহূর্তে শহরে মোট ৯১টি থানা রয়েছে। তারমধ্যে পাঁচটি থানার সীমানায় পুনর্বিন্যাস করলেন নগরপাল মনোজ ভার্মা। পুলিশ সূত্রে খবর, এই পাঁচটি থানা হল আলিপুর, পার্ক স্ট্রিট, ওয়াটগঞ্জ, নিউ মার্কেট ও একবালপুর। নয়া নির্দেশিকা অনুযায়ী গুরুত্ব বাড়ল আলিপুর ও পার্ক স্ট্রিট থানার, বাড়ানো হয়েছে তাদের সীমানাও। বাকি তিনটি নিউ মার্কেট, ওয়াটগঞ্জ এবং একবালপুর থানার গন্ডি কমিয়ে দেওয়া হয়েছে। শনিবার কলকাতার সংশ্লিষ্ট পাঁচটি থানার সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নয়া নির্দেশিকা কার্যকর হওয়ার পর ওয়াটগঞ্জ এবং একবালপুর থানার অন্তর্গত বেশ কয়েকটি এলাকা আলিপুর থানার অধীনে চলে গিয়েছে। নিউ মার্কেটের বেশ কিছুটা অংশ গেল পার্ক স্ট্রিট থানার অধীনে। কিন্তু নতুন মাসে এই সীমানা পুনর্বিন্যাসের কারণ নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ওয়াটগঞ্জ এবং একবালপুর যথেষ্ট সংবেদনশীল এলাকা। সেই থানার কিছু অংশকে কেন আলিপুরের সঙ্গে জুড়ে দেওয়া হল সেই নিয়ে অবশ্য কিছু বলা হয়নি। প্রসঙ্গত, যেকোন থানার সীমানা বিন্যাসের উপরেই নির্ভর করে তার ক্ষমতা। যে থানার অধীনে যত বেশি এলাকা সেই থানার দায়িত্ব তত বেশি। থানার কর্মক্ষমতা ও এলাকার পরিমাণের মধ্যে ভারসাম্য না থাকলে সমস্যা হতে পারে এবং এর প্রভাব পড়তে পারে আইন-শৃঙ্খলায়।

Be the first to comment