রোজদিন ডেস্ক : আচমকাই স্থগিত হয়ে গেল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। আগামীকাল এই অধিবেশন হওয়ার কথা ছিল। হঠাৎ তা স্থগিত ঘোষণা করায় সংশ্লিষ্ট মহলে বিস্ময় দেখা দিয়েছে। এর আগে মেয়র পরিষদের বৈঠকও বাতিল করা হয়। এই বিজ্ঞপ্তি জারি করা সচিব স্বপন কুন্ডুকে ও তড়িঘড়ি বদলি করা নিয়ে পুরসভার অন্দরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁর জায়গায় নতুন পুর সচিব হয়েছেন কিশোর বিশ্বাস।
স্বপন কুন্ডুকে গেজেটিয়ার দফতরে বদলি করা হয়েছে।
সূত্রের খবর, পুরসভার মাসিক অধিবেশন না হলে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হতে পারে। রাজ্যে সরকার বদল হলেও পুরসভা এখনও টিএমসি-রই দখলে। মেয়র ফিরহাদ হাকিম মাসিক অধিবেশন নিয়ে পুর কমিশনার স্মিতা পান্ডের সঙ্গে কথাও বলেন। কিন্তু তিনি নীরব ছিলেন বলে জানা যায়।
টি এম সি কাউন্সিলর বৈশ্বানর চ্যাটার্জির অভিযোগ, নতুন সরকার আমলাদের দিয়ে পুরসভায় সমস্যা তৈরির চেষ্টা করছে। সূত্রের খবর, আগামীকাল টিএমসি-র কাউন্সিলররা দুপুরে পুরসভায় এসে বৈঠক করবেন।
অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আগামীকাল পুরসভার উদ্ভুত পরিস্থিতি নিয়ে কাউন্সিলরদের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জির বিপুল সম্পত্তি নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক চর্চা চলছে। কলকাতা পুরসভা তাঁর দুটি বিশাল বাড়ির অবৈধ নির্মাণ নিয়ে তা ভাঙার নোটিশ পাঠিয়েছে। যা নিয়ে টিএমসি-র অন্দরেই বিতর্ক তুঙ্গে।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই সব তাঁর দেখার কথা নয়। আর তিনি কারও ইজারা (পড়ুন অভিষেক ব্যানার্জি!) নেননি।
কুণাল ঘোষ ও জানিয়েছেন, যাঁর সম্পত্তি নিয়ে নোটিশ, তাঁকেই এর জবাব দিতে হবে।
তাঁদের এই বক্তব্য নিয়েও দলে বিতর্ক চলেছে। যদিও প্রকাশ্যে কেউ এখন ও মুখ খোলেননি।

Be the first to comment