রোজদিন ডেস্ক: আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বেআইনি অর্থলগ্নি সংস্থা ভিবজিওরের সম্পত্তি গোপনে বিক্রি ও হাতবদলের অভিযোগে প্রশ্ন তুলল অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। কমিটির হেফাজতে থাকা সম্পত্তি কীভাবে বেহাত হল, তা খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এখনও যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি, সেগুলি অবিলম্বে সিজ করার প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন রাজ্য সরকার, গঠিত কমিটি এবং ইডি তিন পক্ষকেই তাদের রিপোর্ট জমা দিতে হবে। এদিন আমানতকারীদের আইনজীবীরা দাবি করেন, নিষেধাজ্ঞার ফাঁকফোকর গলে বাজেয়াপ্ত করা একাধিক সম্পত্তি ঘুরিয়ে অবাধে রেজিস্ট্রি ও বিক্রি করে দেওয়া হচ্ছে। হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির হেফাজতে থাকা সম্পত্তি বেআইনিভাবে বিক্রির অভিযোগ নিয়ে রাজ্য জানায়, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-কে দিয়ে ইতিমধ্যেই একটি প্রাথমিক তদন্ত হয়েছে। তাদের প্রাথমিক রিপোর্ট বলছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক সম্পত্তি নিয়ম ভেঙে হাতবদল হয়েছে। এর মধ্যে ডুয়ার্সের ৫৪ কোটির সম্পত্তি রয়েছে।

Be the first to comment