প্রতিবেদন: যাদবপুরে বুলডোজার দিয়ে সিপিআইএমের বুকস্টল ভাঙার মামলা শুনলই না কলকাতা হাইকোর্ট। তাদের বুকস্টল ভাঙার চেষ্টা হয়েছে, এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি পার্থপ্রতিম রায়ের পুজোর অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বুক স্টল সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে। তাই আগামী বছরের জানুয়ারি মাসে সেই মামলার সঙ্গেই এই মামলারও শুনানি হবে। যাদবপুরে বুলডোজার দিয়ে বামেদের বুকস্টল ভাঙা নিয়ে জরুরি ভিত্তিতে গত ১৮ অক্টোবর মামলা দায়ের করা হয়৷ মূলত স্টল ভাঙায় যে আর্থিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের দাবিতে, পাশাপাশি কোনও প্রশাসনিক নির্দেশ ছাড়াই যেভাবে পুলিশের সহযোগিতায় এই কাজ করা হচ্ছে, তাতে মানুষের মত প্রকাশ ও প্রচারের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এদিন মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতি পার্থপ্রতিম রায় জানান, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বনগাঁয় সিপিআইএমের বুক স্টল নিয়ে নির্দেশে জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া এই ধরনের স্টল বসতে পারে না। যাদের অনুমতি নেই, প্রশাসনকে সেই সব স্টল তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বছর জানুয়ারি মাসে মামলার শুনানি হবে।

Be the first to comment