রোজদিন ডেস্ক : ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হাইকোর্টে। ভোটের ফল প্রকাশের পর মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় অশান্তির অভিযোগ উঠেছে। খুন, অগ্নিসংযোগ বাদ যাচ্ছে না কিছুই। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। ঘরছাড়া অনেক মানুষ। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে দ্রুত মামলার শুনানি করার আবেদন জানানো হয়েছিল। মঙ্গলবারই শুনানির দিন নির্ধারিত হয়েছে। এবার ২ দফা ২৩ ও ২৯ এপ্রিল ভোটের দিন কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু এত কিছুর পরেও ভোট পরবর্তী হিংসা আটকানো যায়নি। ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়। এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার শুনানির কথা জানিয়েছে।

Be the first to comment