সোমবার থেকে শহরে কমে যাবে মেট্রো রেলের সংখ্যা। ফলে বিপুল সংখ্যক মেট্রোযাত্রী ভোগান্তির শিকার হতে পারেন বলে মনে করা হচ্ছে।
মেট্রো সূত্রের খবর, টালিগঞ্জ ইয়ার্ডে পুনর্গঠনের জন্য মাস খানেকের জন্য ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ সোমবার, ১৯ নভেম্বর থেকে এই কাজ শুরু হয়েছে। যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সকাল বা সন্ধ্যের ব্যস্ত সময়ে মেট্রোর সংখ্যার কোনও পরিবর্তন হচ্ছে না বলেই খবর। মূলত দুপুরের দিকে বাড়ানো হবে ট্রেনের ব্যবধান। তা ছাড়া শেষ ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হচ্ছে।
সূত্রের খবর, কবি সুভাষ থেকে নোয়াপাড়ার মধ্যে এখন মেট্রো চলে ৩০০টি। যা কমিয়ে করা হচ্ছে ২৮৪। দুপুরের দিকে ট্রেনের ব্যবধান সামান্য বাড়ানো হবে। টালিগঞ্জ ইয়ার্ডের পুনর্গঠনের কাজ শেষ হলে দমদম আরও কম সময়ে পৌঁছনো যাবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি। তবে ২১ ডিসেম্বর সময়ের মধ্যে লাইন মেরামতের কাজের জন্য ট্রেনের গতিও কিছুটা কমবে।
দমদম থেকে কবি সুভাষের দিকে যাওয়ার শেষ ট্রেন রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ৯টা ৫৪ মিনিটে। আবার কবি সুভাষ থেকে নোয়াপাড়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে।

Be the first to comment