কাটল জট, সেপ্টেম্বর থেকে চিংড়িঘাটায় মেট্রোর (Kolkata Metro) কাজ শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : ইএম বাইপাশের চিংড়িঘাটা ক্রশিং এলাকায় এসে আটকে আছে মেট্রো (Kolkata Metro) রেলের কাজ। এই প্রকল্পের জট কাটাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সব পক্ষ বৈঠকে বসে। আর সেখানেই কাটল জট। ফলে সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে মেট্রোর কাজ। ওই বৈঠক সফল হয়েছে বলে হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। আইনজীবী শাক্য সেন, বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে জানান, আদালতের নির্দেশে মেট্রোরেল ভবনে গত ৯ সেপ্টেম্বর সব পক্ষ সর্বসন্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে আপাতত পুজোর সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করে কোনও কাজ করা হবে না।

রাজ্য প্রস্তাব দিয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এই কাজ করা হবে। প্রস্তাবে সব পক্ষ রাজি হয়েছে। ফলে সব কিছু ঠিক থাকলে ৯ মাসের মধ্যে অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত কাজ শেষ করা যাবে বলে জানায় আরভিএনএল। এর প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের  নির্দেশ, এরপরও প্রকল্পে কোনও অসুবিধা তৈরি হলে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। আপাতত আদালতের আশা সমস্যার সমাধান হয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*