রমিত সরকার, কৃষ্ণনগর:
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানের সময় ধৃতদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বেশ কয়েক বোতল বিদেশি মদ, বিয়ারের বোতল এবং অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। উদ্ধার হওয়া সমস্ত মদ ও বিয়ারের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ধৃতরা দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে মদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদও চলছে।
পুলিশের এক আধিকারিক জানান, অবৈধ মদ বিক্রি ও পাচারের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কোনওরকম বেআইনি কার্যকলাপকে প্রশ্রয় দেবে না বলেও তিনি জানান।
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রশাসনকে অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার এই অভিযানকে সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছে প্রশাসনিক মহল।

Be the first to comment