নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর: প্রাচীন ঐতিহ্য ও রীতি মেনে প্রতিবছরের মতো এ বছরও উল্টো রথের পুণ্য তিথিতে নদীয়ার ঐতিহ্যবাহী কৃষ্ণনগর রাজবাড়িতে অনুষ্ঠিত হলো দেবী দুর্গার কাঠামো পুজো। এই বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সূচনা হলো কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপূজার প্রস্তুতির। বহু শতাব্দী ধরে চলে আসা এই প্রথা আজও একই নিষ্ঠা ও ভক্তিভরে পালন করে চলেছেন রাজপরিবারের সদস্যরা।

শাস্ত্রবিধি মেনে পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আচার সম্পন্ন হয় এদিন। কাঠামো পুজোর মাধ্যমে দেবী দুর্গার প্রতিমা নির্মাণের শুভ সূচনা হয়। পুজোয় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য রানী মা অমৃতা রায়। তিনি পূজায় অংশগ্রহণ করে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনা করেন। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
কাঠামো পুজোকে ঘিরে রাজবাড়ি প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরপর থেকেই মৃৎশিল্পীরা দেবী প্রতিমা নির্মাণের কাজে আনুষ্ঠানিকভাবে হাত লাগান।

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপূজা শুধু নদীয়া নয়, গোটা বাংলার অন্যতম ঐতিহ্যবাহী রাজবাড়ির পূজা হিসেবে পরিচিত। প্রতি বছর এই পূজাকে ঘিরে রাজবাড়িতে ভক্ত, সংস্কৃতিপ্রেমীদের সমাগম হয়। তাই উল্টো রথের এই কাঠামো পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের আগমনী বার্তা যেন আরও একবার ধ্বনিত হলো কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরে।

Be the first to comment