আমার সঙ্গে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসের অনেক আগে থেকে পরিচয়, এখনও আছে, আগামী দিনেও থাকবে; দিলীপ ঘোষের মন্তব্য বাড়ালো জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার সায়েন্স সিটিতে শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান হয়। সেখানে দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও ছিলেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে শুক্রবার মুখ খুললেন স্বয়ং দিলীপ ঘোষ।

তিনি কি এবার তবে তৃণমূলে যাচ্ছেন? প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনওটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাই না।’

তবে যে উত্তর শুনে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা তা হল, যখন দিলীপ ঘোষকে সাংবাদিক জিজ্ঞেস করেন যে তৃণমূলের সাথে এখন আর আপনার কোনো তিক্ততা নেইতো? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন ”আমার সঙ্গে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না। কাল শত্রু ছিল আজ বন্ধু হল আবার পরেরদিন শত্রু হল, দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনও সমস্যা নেই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*