রোজদিন ডেস্ক :
স্বরাষ্ট্র দফতরের বাজেট বিতর্কে বক্তব্য রাখা নিয়ে আজ বিধানসভায় তৃণমূলের বিভাজিত দুই পক্ষের বচসায় তুলকালাম বাধে। মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ তাঁকে কেন বলতে দেওয়া হচ্ছে না তা নিয়ে ঋতব্রতপন্থী বিধায়ক আখরুজ্জামানের আসনের সামনে গিয়ে চ্যালেঞ্জ জানান। এই নিয়ে আখরুজ্জামানের সঙ্গে তাঁর তুমুল বচসা বাধে। অধ্যক্ষ রথীন ঘোষ তাঁকে বারবার নিজের আসনে গিয়ে বসতে বললেও কুণাল ঘোষ শোনেননি। অধ্যক্ষ তাঁকে সভাকক্ষ থেকে সাসপেন্ড করে বার করে দেওয়ার নির্দেশ দেন৷
তাঁর নির্দেশে মার্শাল সহ সভার নিরাপত্তা রক্ষীরা তাঁকে বার করতে চাইলেও কুণাল ঘোষ বাধা দিলে তাঁকে চ্যাংদোলা করে সভার বাইরে নিয়ে যান। মমতাপন্থী বিধায়করা এর তুমুল প্রতিবাদে সরব হন।
সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম না করে কুণাল ঘোষকে নিশানা করে বলেন, এমন অসভ্যতা তিনি আগে কখনও দেখেননি।

Be the first to comment