রোজদিন ডেস্ক : তাঁর দোষ ছিল বন্ধুদের আগে তিনটি সিদ্ধ ডিম খাওয়া!! এর জন্য বন্ধুদের রোষে প্রাণ গেল তরুণ রামচন্দ্র ঘোষালের! যা নিয়ে বিস্মিত, ক্ষুব্ধ, ব্যথিত এলাকার মানুষ।
গতকাল জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পর হুগলির কামারপুকুরের এক ক্লাবে জড়ো হয়েছিলেন বন্ধুরা। কথা ছিল এক সঙ্গে খাওয়া দাওয়া করবেন। আচমকাই রব ওঠে রামচন্দ্র আগেই তিনটি ডিম সিদ্ধ খেয়ে ফেলেছেন!! এই নিয়ে বচসা আর তার জেরে বন্ধুদের পিটুনিতে প্রাণ গেল তরুণ রামচন্দ্রর। অভিযোগ, তাঁকে মারতে মারতে এক বন্ধু বাইরে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে চলে যায়। পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ঢিল ছোঁড়া দূরত্বে স্থানীয় মানুষ অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
বাড়ির একমাত্র পুত্রর এমন নৃশংস হত্যায় হতবাক পরিবার। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আর কেউ এই ঘটনায় জড়িত কিনা তদন্ত করছে পুলিশ।

Be the first to comment