রোজদিন ডেস্ক, কলকাতা:- বুধবার রাত থেকে বৃষ্টির জেরে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ২৫টি ওয়ার্ড ফের জলমগ্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির জেরে হাওড়া শহরের নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে গিয়েছে। কোথাও হাঁটু সমান জল তো কোথাও আবার কোমর সমান। সব মিলিয়ে বেশ সমস্যায় পড়েছেন হাওড়ার বাসিন্দারা। যদিও হাওড়া পুরসভার পক্ষ থেকে দ্রুত জল নেমে যাবে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হাওড়ার টিকিয়াপাড়া, বেলগাছিয়া, দাসনগর, সালকিয়া, ঘুসুড়ি, রামরাজাতলা, কদমতলা, শালিমার-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা জল যন্ত্রণায় ভুগছেন। শহরের রাস্তার পাশাপাশি বিভিন্ন গলিতেও জল থৈ থৈ করছে। অনেক বাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছে। এমন অবস্থায় অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছেন না। ভারী বৃষ্টির ফলে অনেক রাস্তার গর্তে জল জমে গিয়েছে। অনেকেই সেই সব গর্তে পড়ে গিয়ে আহত হচ্ছেন।
এর ফলে অন্যান্য দিনের তুলনায় টোটো, অটো, রিক্সা এবং বাস খুবই কম পরিমাণে চলছে। গাড়িও খুব ধীর গতিতে যাচ্ছে। এর ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছতেও অনেকটা সময় লাগছে। সালকিয়ার এক বাসিন্দার অভিযোগ, বৃষ্টির ফলে ঘরে জল ঢুকে যাওয়ায় তাঁরা বেশ সমস্যায় পড়েছেন।

Be the first to comment