প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মদনলাল খুরানা, শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়াণ বিজেপি নেতা মদনলাল খুরানা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার রাত ১১টা নাগাদ দিল্লির কীর্তিনগরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
তাঁর ছেলে হরীশ খুরানা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেক বিজেপি নেতাই। বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, “দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়াণ বিজেপি নেতার মৃত্যু খুবই দুঃখজনক। খুরানাজী একজন জনপ্রিয় নেতা ছিলেন। বিজেপির এক শক্তিশালী স্তম্ভ হিসেবে তিনি চির স্মরণীয় থাকবেন।”
১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ছিলেন দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ীর সময় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীও ছিলেন খুরানা । ২০০৩ সাল পর্যন্ত মোট এগারো বার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। তার মধ্যে দশ বারই জেতেন। বিজেপির জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন মদনলাল খুরানা।
ভারতীয় জনতা পার্টির এই বর্ষীয়ান নেতা আরএসএস-এর সঙ্গেও সক্রিয়ভাবে যু্ক্ত ছিলেন। ২০০৪ সালে তাঁকে রাজস্থানের রাজ্যপালের পদে নিযুক্ত করা হয়।
১৯৩৬ সালের ১৫ অক্টোবর অবিভক্ত ভারতের (বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে) ফয়জলাবাদে তাঁর জন্ম। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ করেন। ছাত্রজীবনে তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছিলেন। বর্ষীয়ান এই বিজেপি নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
    

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*