কিং পাওয়ার স্টেডিয়ামের পাশেই ভেঙে পড়লো একটি হেলিকপ্টার; পড়ুন বিস্তারিত!

Spread the love
কিং পাওয়ার স্টেডিয়ামে রমরম করে চলছিল প্রিমিয়ার লিগ। লেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ১-১ ম্যাচের শেষেই ঘটে গেল বিপত্তি। আকাশে চড়কি মারতে মারতে স্টেডিয়ামের ঠিক পাশেই নেমে এল একটি হেলিকপ্টার। তারপরই বিকট আওয়াজের সঙ্গে ভেঙে পড়ল সেটি।
শনিবার ঘটনাটি ঘটেছে ব্রিটেনের লেস্টার শহরে। স্কাই স্পোর্টস সূত্রে খবর, ওই হেলিকপ্টারটি ছিল লেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ভিচাই শ্রীভাদ্যানাপ্রভার। দুর্ঘটনার সময়ে তিনি কপ্টারের ভিতর ছিলেন কিনা সেটা জানা যায়নি। স্টেডিয়ামের পাশেই হেলিপ্যাড থেকে সেটি টেক অফ করে স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ। টেক অফের কিছু সময় পরেই কপ্টারটিতে বিপত্তি দেখা দেয়। স্টেডিয়ামের উপরেই অনিয়ন্ত্রিত ভাবে সেটি পাক মারতে দেখা যায়। পৌনে ন’টা নাগাদ স্টেডিয়ামের পার্কিং এলাকার কাছে সেটি ভেঙে পড়ে।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “কপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বিস্ফোরণ ও আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে চারদিকে। সবাই মাঠ ছেড়ে পালাতে শুরু করে। ” ঘটনার কথা প্রথম টুইট করে জানায় লেস্টার সিটি পুলিশ। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
ম্যাচের এক ধারাভাষ্যকার জানিয়েছেন, কপ্টারটিতে কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছিল। ওড়ার পর থেকেই সেটি বেসামাল হয়ে গেছিল। দেখে মনে হচ্ছিল আকাশ থেকে একটি আগুনের গোলা নেমে আসছে।
গোটা স্টেডিয়ামটাই ঘিরে রয়েছে পুলিশ।  ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল।  লেস্টার সিটির অনেক ফুটবলারকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।  পুলিশ জানিয়েছে, ভিচাই শ্রীভাদ্যানাপ্রভা নিজে বা তাঁর পরিবারের কেউ সেই সময় কপ্টারে ছিলেন কিনা সেটা খোঁজ নেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*