MADRASA SHUTDOWN: রাজ্যে বন্ধ হল আরও ২৫০টি মাদ্রাসা

Spread the love

রোজদিন ডেস্ক : পরিকাঠামোর অভাব এবং পড়ুয়ার অভাবে আগামী ডিসেম্বরে ২৫০টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা শেষ হয়েছে। চলতি সেশনের গুটিকয়েক পড়ুয়ার যাতে সমস্যা না হয়, সেই যুক্তি দিয়ে আগামী জানুয়ারি তথা নতুন সেশন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের প্রধান যুক্তি হল, এই মাদ্রাসাগুলিতে ন্যূনতম পরিকাঠামো বা পর্যাপ্ত পড়ুয়া নেই। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন পড়ুয়া কমছে, সেই প্রশ্নটি অবশ্য এখানে তুলছে সরকার বিরোধীরা। তাদের যুক্তি দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না করা, প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য অনুদান বন্ধ রাখা এবং উন্নয়ন বন্ধ হওয়ার কারণেই এই প্রতিষ্ঠানগুলি আজ ধুঁকছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ অবশ্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ। ইতিমধ্যেই রাজ্যে ২৫২টি মাদ্রাসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে এই ২৫০টি মাদ্রাসা বন্ধ করার পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। পুজোর আগেই এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে। এর আগে রাজ্যের প্রায় হাজারের কাছাকাছি স্কুলও ওই একই কারণে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তে অনেকেই বিজেপি সরকারের রাজনৈতিক অ্যাজেন্ডা খুঁজে পাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*