রোজদিন ডেস্ক : ডিম হামলা নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন সাংসদ মহুয়া মৈত্র। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ মহুয়া। সোমবার দ্রুত শুনানির আর্জি জানান তিনি। কিন্তু তাঁর জরুরি আবেদনের শুনানি খারিজ করে আদালত। জানা গিয়েছে, কয়েকদিন আগে নিজের এলাকায় গিয়ে ডিম হামলার শিকার হয়েছিলেন তিনি। এদিন মামলাটির উল্লেখ করেন মহুয়ার আইনজীবী। বলেন, নিজের লোকসভা এলাকায় যাওয়ার সময় সাংসদকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল আদালত। তা সত্ত্বেও হামলা এবং নিরাপত্তার অভাবের অভিযোগ উঠেছে। আইনজীবীর বক্তব্য, আদালত নিরাপত্তার নির্দেশ দিলেও, পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই তাঁকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে। আদালত জানিয়েছে, এই বিষয়ে আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। এখন জরুরি শুনানি করা সম্ভব নয়। গত ১ সেপ্টেম্বর কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে তাঁর ব্যাক্তিগত নিরাপত্তা রক্ষী ছাড়াও আরও দু’জন পুলিশের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

Be the first to comment