MAHUA MAITRA: ২৪ ঘণ্টার মধ্যে মুছতে হবে পোস্ট৷ মহুয়াকে আইনি নোটিস মুখ্যসচিবের

Spread the love

প্রতিবেদন: রাজ্যের বর্তমান মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে করা পোস্ট ঘিরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিস ধরানো হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ৩ ও ৬ অক্টোবর এক্স হ্যান্ডলে দুটি পোস্টে মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মিথ্যা, মানহানিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তিনি। মুখ্যসচিবের আইনজীবীর পাঠানো নোটিসে দাবি করা হয়েছে, ওই পোস্টে তাঁকে ‘ভোট চোর’ এবং নির্বাচনী প্রক্রিয়ায় বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছে। নোটিসে আরও দাবি, নির্বাচনী তালিকা সংশোধনের ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই; তিনি নির্বাচন কমিশনের নির্দেশ ও আইন মেনেই দায়িত্ব পালন করেছেন। ওই নোটিসে মহুয়া মৈত্রকে ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত পোস্ট মুছে ফেলা, নিঃশর্ত ক্ষমা চাওয়া, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার লিখিত আশ্বাস দেওয়া, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ৫০ হাজার টাকা আইনি খরচ দেওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না মিললে দেওয়ানি ও ফৌজদারি, উভয় ধরনের আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*