রোজদিন ডেস্ক : দলের অন্দরে নজিরবিহীন বিদ্রোহের জেরে তৃণমূল ও তার শাখা সংগঠনের সব কমিটি ভেঙে দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন। এরই মধ্যে শুক্রবার সামনে এসেছে লোকসভার স্পিকারকে লেখা বিদ্রোহী তৃণমূল সাংসদদের চিঠি। সেখানে জ্বলজ্বল করছে দুই সাংসদ মালা রায় ও সায়নী ঘোষের নাম। এরা দু’জনেই আবার দলেরও পদাধিকারী। এরপরই নতুন কমিটির এই দুই পদাধিকারীকে নিয়ে প্রশ্ন তোলেন নেতৃত্বের একাংশ। এই পরিস্থিতিতে এদিনই তড়িঘড়ি তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে মালা রায়কে সরিয়ে দিল দল। তার জায়গায় এলেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ। নতুন কমিটিতেও রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী হিসেবে সায়নী ঘোষের নাম অবশ্য এখনও রয়ে গিয়েছে। এখন তাঁর ক্ষেত্রে দল এখন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। শুক্রবার তৃণমূল রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃণমূল রাজ্য মহিলা সভানেত্রী হিসাবে নদিয়ার কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের নাম ঘোষণা করা হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। দ্রুত তাঁকে দায়িত্বভার নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃণমূল কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী হিসাবে সাংসদ মহুয়া মৈত্রকে নিযুক্ত করা হয়েছে।

Be the first to comment