কাশ্মীরে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলের প্রতি সাধুবাদ জানালেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক : কাশ্মীরের সীমান্তে পাক সেনার আক্রমণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে। কাছের মানুষকে হারিয়েছে একাধিক পরিবার। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ২১ মে ওই এলাকা পরিদর্শনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দল। পাক হানায় আহতদের দেখতে রাজৌরির জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ যান তৃণমূলের সাংসদরা। এবার ওই প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার রাতে মমতা তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে লেখেন, , ”সম্প্রতি সীমান্তবর্তী পুঞ্চ এবং রাজৌরি জেলা পরিদর্শনে গিয়েছেন আমাদের ৫ সদস্যের প্রতিনিধিদল। তাদের এই প্রচেষ্টার জন্য আমি তাঁদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁরা সেখানে শোকাহত পরিবারগুলির সাথে দেখা করেছেন, তাদের এই দুঃসময়ে শোক ভাগ করে নিয়েছেন এবং এই সময়ে তাঁদের পরিবারকে সান্ত্বনা ও সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রতিনিধিদলটি রাজৌরির সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করে আহত এবং চিকিৎসাধীনদের খোঁজখবর নিয়েছেন। তারা উপস্থিত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাদের নিরলস সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন এক সঙ্কটের মুহূর্তে, জনগণের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল পাশে থাকার শক্ত হাত, এবং আমি আমাদের প্রতিনিধিদলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা সঠিক কাজ করেছেন। এই পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে জনপ্রতিনিধি হিসেবে, আমরা সর্বদা জনগণের প্রয়োজনের সময় তাদের পাশে থাকব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*