ভোটার লিস্ট ইস্যুতে ঝাড়গ্রাম থেকে নির্বাচন কমিশনকে ফের নিশানা মুখ্যমন্ত্রীর

Spread the love

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ ঝাড়গ্রামে সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে থেকেই ফের একবার ভোটার লিস্ট এনআরসি ইস্যুতে মুখ খুললেন তিনি। বিজেপি, নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, ”আমি জানি না এটা আমার বলা ঠিক কিনা, তবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে। শুধু এপিক কার্ড থাকলেই আর হবে না, নতুন করে নাম তোলার চক্রান্ত চলছে। কারণ নিয়ম পাল্টে দিয়েছে। ভোটার লিস্টে নাম আছে কিনা, আগে তালিকা দেখলেই হবে না। নতুন করে ক্রস চেক করতে হবে।”
ভোটার লিস্ট ইস্যুতে ফের একবার রাজ্যবাসীকে সতর্ক করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ যদি ফর্ম ফিলাপ করতে বলে, না জেনে করবেন না। ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যেতে পারে।’ এদিন তিনি বলেন, “যারা আইন করছে তাদের সব নথি, তথ্য আছে তো?, ‘ওরা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। তাঁরা কী করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা?’ এর পাশাপাশি বাংলা ভাষা ইস্যুতেও ফের এদিন সরব হন তিনি। আবারও প্রশ্ন করেন, ‘বাংলা ভাষা বলে কোনও ভাষা না থাকলে কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা?’
মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলার প্রায় ২ হাজার মানুষের ওপর বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই বলা হচ্ছে রোহিঙ্গা। তাঁর অভিযোগ, এখন অত্যাচার চলছে আর ভোটের সময় এসে বলবে , টাকা নাও, ভোট দাও। বিগত কয়েক মাসে একাধিক রাজ্যে বাংলা ভাষী মানুষের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে সরব হয়েছেন, মিটিং-মিছিল করেছেন। ঝাড়গ্রামের সভা থেকেও তিনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*