রোজদিন ডেস্ক : মঙ্গলবার রাতভর শহর ও শহরতলিজুড়ে মেঘভাঙা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মৃতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জরুরি ভিত্তিতে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের নিকটাত্মীয়দের জন্য কর্মসংস্থানের ইঙ্গিতও দিয়েছেন তিনি। অস্বাভাবিক পরিমানে বৃষ্টির উল্লেখ করে বলেন, স্কুল, কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অফিসেও না আসার পরামর্শ দেওয়া হয়েছে। সিইএসসি-এর ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নিরবচ্ছিন্ন এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কোনও অবহেলা বরদাস্ত করা হবে না। সিইএসসি-র কর্তাদের অবিলম্বে মাঠে নেমে কাজ করতে হবে। বিদ্যুতের তার ও ট্রান্সফরমারগুলি দ্রুত মেরামত করতে হবে। যাতে আর কোনও বিপদ না ঘটে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিপর্যয় মোকাবিলা দপ্তর, পুলিশ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের জরুরি টিম ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় কাজ শুরু করেছে। জলমগ্ন রাস্তায় পাম্প বসিয়ে জল নামানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে বিপর্যস্ত পরিবারগুলিকে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও চলছে। এক শীর্ষ কর্তার কথায়, এত কম সময়ে এত প্রবল বৃষ্টি আগে দেখা যায়নি। তবু মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতি নজরে রাখছেন। সমস্ত দফতরকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, এই অস্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় সরকার সর্বশক্তি দিয়ে কাজ করছে। সাধারণ মানুষের পাশে থাকাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

Be the first to comment