কাদের অ্যারেস্ট করা হবে শুভেন্দু তালিকা করে দিয়েছে, মমতার নিশানায় পুলিশ ও বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক : পুলিশ এখানে বিজেপির হয়ে কাজ করছে। এ জিনিস আগে কোনওদিন দেখিনি। কাদের অ্যারেস্ট করা হবে সেই লিস্ট দিয়েছে একটা গদ্দার। মঙ্গলবার হলদিয়ার সুতাহাটার সভা থেকে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুলিশ ও বিজেপি এক হয়ে কাজ করছে। কিন্তু যতই চক্রান্ত করো, এবার এমন খেলা হবে ওদের পগারপার করে ছাড়ব। বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। এদিন মমতা বলেন, বিজেপি আর কমিশন চক্রান্ত করে আমাদের সব অফিসারকে বদলে নিজেদের লোক এনেছে। এভাবে নিজের লোক খুঁজে রদবদল করে চলেছে বিজেপি। যেমন এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে, কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। দলীয় কর্মীদের সতর্ক করে দিয়ে নেত্রী বলেন, সাবধান হতে হবে, নাহলে এবারেও লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামেই ৪০ জনকে নোটিশ পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই ছ’বছর কি তুমি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে! আজ বলছো, এক হাজার তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে হবে। কেন তৃণমূলের লোকেরা শুধু গ্রেফতার হবে? আগে বিজেপিকে গ্রেফতার করুন। যারা খুন করেছে, ডাকাতি করেছে, নিজের সিকিউরিটিকে হত্যা করেছে, তাদের গ্রেফতার করুন। যদি পূর্ব মেদিনীপুর জেলা কোনও গদ্দারের হাতে বিক্রি করতে না চান, তাহলে সব আসনে, সব চক্রান্ত ব্যর্থ করে জোড়াফুলে ভোট দিন।
তিনি আরও বলেন, হলদিয়া থেকে টাকা কোথায় যায়, সব জানি। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছ। তোমাদের বিজেপি সরকারের বিরুদ্ধে আমি চার্জশিট দিচ্ছি। কত টাকা হলদিয়া থেকে যায়, এটার একটা তদন্ত হোক। নেত্রীর আরও সংযোজন, বিজেপির নাটক আর জুমলা ভোটের পরেই পালিয়ে যায়। ইলেকশনের সময়ে আসে। দোকান আগে থেকে সাজিয়ে-গুজিয়ে, মাইক লাগিয়ে, নিজেরা ঝালমুড়ি বানিয়ে খাওয়ার নাটক করে। পকেটে করে ১০ টাকা নিয়ে এসেছে রাজনীতি করবে বলে! এমনি জিততে পারবে না। এদিন তিনি বারাকপুর, জগদ্দল ও জোড়াসাঁকোতে আরও তিনটি জনসভা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*