প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী বীরভূমের তৃণমূল নেতা ও পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে (ashis banerjee death) গভীর শোকপ্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি শোকপ্রকাশ করেন। সেই সঙ্গে রাজনীতির পাশাপাশি শিক্ষক ও সমাজসেবী হিসেবে তাঁর অবদানকে স্মরণ করেন তৃণমূলনেত্রী। তিনি লেখেন-
“আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।
তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় শিক্ষকতা ও সমাজসেবায় নিষ্ঠার সঙ্গে কাটিয়েছেন। বিনয়ী স্বভাব এবং রামপুরহাট ও বীরভূমের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের জন্য তিনি সর্বদা পরিচিত ছিলেন।
এই মর্মান্তিক ঘটনাকে আরও বেদনাদায়ক করে তুলেছে তাঁর শেষ দিনগুলিতে মানসিক ও আবেগের ওপর যে অসহ্য চাপ তিনি সহ্য করেছেন বলে মনে হয়। পাঁচবারের বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার এবং চেয়ারম্যান হিসেবে আশিসদা রামপুরহাটের উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এবং মানুষের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। অথচ, এত কাজ করা সত্ত্বেও তাঁকে বারবার অপমানিত, মিথ্যা অভিযোগে জর্জরিত এবং অবিরাম চাপের মুখে পড়তে হয়েছে।
দীর্ঘদিন জনসেবার পরও তাঁকে যে হয়রানি ও মানসিক চাপ সহ্য করতে হয়েছে, তা আমাদের সকলকে রাজনৈতিক শত্রুতার মানবিক মূল্য নিয়ে ভাবতে বাধ্য করে।
তাঁর পরিবার, প্রিয়জন, প্রাক্তন ছাত্র এবং অগণিত অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। তাঁর অভাব সবসময় গভীরভাবে অনুভূত হবে।”

Be the first to comment