রাজনৈতিক ঝড় উঠেছে, এবার উড়ে যাবে বিজেপি, শ্রীরামপুরের সভায় মমতা

Spread the love

প্রতিবেদন: এসআইআরের নামে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা কিন্তু হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে। শনিবার শ্রীরামপুরের কোর্ট ময়দানের জনসভা থেকে গর্জে উঠলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, কাউন্টিং হাইজ্যাক করেছে। ভোট লুঠ করার অধিকার আপনাদের নেই। আপনারা বাংলা নিয়েছেন, এবার আমরা দিল্লি নেব। তৃণমূল নেত্রী আরও বলেন, আপনারা চেয়ার নিয়েছেন। আমরা চেয়ারকে কেয়ার করি না। আমরা মানুষের চেয়ারকে কেয়ার করি। কত মিডিয়াকে টাকা দিয়ে মিথ্যে প্রচার করিয়েছেন। সেসব প্রকাশ্যে আসছে। সত্য কখনও চাপা দেওয়া যায় না। বিহার, মধ্যপ্রদেশ হরিয়ানা ও বাংলায়— সব জায়গায় এইরকম কারচুপি করেছে। তোমার যতদিন না যাবে, আমাদের আন্দোলন চলবে। চারিদিকে ঝড় উঠেছে। তোমাদের ঘরেও ঝড়। গণতন্ত্র রক্ষা করার এই ঝড়ে তোমরা খড়কুটোর মতো ভেসে যাবে। সেদিন আসছে শীঘ্রই। আমরা আজাদির জন্য লড়াই করছি। সেই লড়াই চলবে। নেত্রী বলেন, বিজেপি ও কমিশন এসআইআর করেছিল বাংলা দখল করবে বলে। এসআইআরের নাম করে ৯২ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। আমরাই প্রথম প্রশ্ন তুলেছিলাম। এই সরকার গরিবের পেটে লাথি মারার সরকার। যাদের ক্ষমতা-প্রতিপত্তি আছে, তারা খেতে পাবে। কিন্তু যারা গরিব, যাদের নাম বাদ গিয়েছে, তারা আজ রেশন পর্যন্ত পাচ্ছে না। স্কলারশিপ পাচ্ছে না। সব অধিকার কেড়ে নিয়েছে। তিনি আরও বলেন, আমি হকারদের জন্য আইনি লড়াই লড়ব। ওদের ক্ষতিপূরণ দিতে হবে। বিকল্প ব্যবস্থা করে দিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*