রোজদিন ডেস্ক, কলকাতা:– বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালীদের উপর নির্যাতনের প্রতিবাদে আজকে কলেজ স্কোয়ার থেকে তৃণমূলের মিছিলের সময় ও রুটম্যাপ পূর্ব নির্ধারিত ছিল৷ বেলা দুটোতে শুরু হয় সেই মিছিল৷ সামনে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব৷ রাজ্যের একাধিক মন্ত্রী হাজির ছিলেন মিছিলে৷
কথা ছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার পেরিয়ে এগিয়ে গিয়ে লেনিন সরণীর সংযোগস্থল টপকে ডান দিকে এস এন ব্যানার্জী রোড ধরবে মিছিল৷ সেই মতো প্রস্তুতি নিয়েছিল কলকাতা পুলিশও৷ কিন্তু মিছিলের মাঝপথেই আচমকা সিদ্ধান্ত বদল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু মিছিল সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে পৌঁছতেই আচমকা দাঁড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মিছিল আচমকা থমকে গেল তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যেও কৌতূহল সৃষ্টি হয়৷ এর পরেই পুলিশকে অরূপ বিশ্বাস জানান, এসএন ব্যানার্জী রোড নয়, মিছিল এগোবে লেনিন সরণী ধরে৷
ততক্ষণে মিছিলের একেবারে প্রথম ভাগে যাঁরা ছিলেন, তাঁরা এসএন ব্যানার্জী রোডের দিকে এগিয়ে গিয়েছিলেন৷ মিছিলের রুট বদল হয়েছে শুনে তাঁরা ফিরে আসেন৷ এর পর ফের লেনিন সরণী ধরেই মিছিল এগোতে থাকে৷

Be the first to comment