বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, রবিবারই রওয়ানা হল নবান্নের প্রতিনিধি দল

Spread the love

রোজদিন ডেস্ক : বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড়জুড়ে মুষলধারে বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক জায়গায়। মিরিক ও সুখিয়ায় ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত এক শিশু-সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ। পাহাড়ি রাস্তা ভেঙে যাওয়ায় বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরিস্থিতি ক্রমেই গুরুতর হয়ে উঠছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।
এই আবহে সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আগামীকাল বিকেল তিনটে নাগাদ তাঁর শিলিগুড়ি পৌঁছানোর কথা। মুখ্যমন্ত্রী সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন এবং গোটা পরিস্থিতির পর্যালোচনা করবেন। জেলা প্রশাসন ও ত্রাণ দফতরের সঙ্গে বৈঠক করবেন। এর আগে আজ, রবিবার উত্তরের পাঁচ জেলাশাসকের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের তরফে নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে আজই উত্তরবঙ্গ রওয়ানা হয়েছে নবান্নের এক বিশেষ প্রশাসনিক দল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিবের নেতৃত্বে ওই দলে আছেন কৃষি দফতরের সচিব, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব-সহ একাধিক শীর্ষ কর্তা। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করবেন।
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।প্রশাসন ইতিমধ্যেই সমস্ত জেলাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। নীচু এলাকা ও নদীতীরবর্তী অঞ্চল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*