রোজদিন ডেস্ক : চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার মামলায় অবশেষে সোমবার কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া। তবে স্বস্তির সঙ্গে কিছু শর্তও দিয়েছে আদালত। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ, আপাতত গ্রেফতার না করা যাবে না মানস ভুঁইয়াকে। তবে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় তদন্তকারী আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা করতে হবে প্রাক্তন মন্ত্রীকে। পাসপোর্ট জমা রাখতে হবে পুলিশের কাছে। আদালতের অনুমতি ছাড়া নিজের বিধানসভা কেন্দ্র সবং পুলিশ স্টেশনের আওতাধীন এলাকার বাইরে যেতে পারবেন না মানস ভূঁইয়া। সবংয়ের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিকাশকুমার টুং পুলিশে লিখিত অভিযোগে জানান যে সবংয়ের তেমাথানি ইরিগেশন বাংলোয় কেয়ারটেকারের কাজ পাইয়ে দেওয়ার নামে তাঁর স্ত্রীর কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা নেন মানস ভূঁইয়া। টাকা দেওয়ার পর চাকরি হলেও তা স্থায়ী হয়নি। মাত্র দু’মাসের মধ্যেই ওই মহিলাকে ছাঁটাই করা হয়। লাখ লাখ টাকা দিয়েও কেন মাত্র দু’মাসেই কাজ চলে গেল, তার বিচার চেয়েই পুলিশের অভিযোগ জানান তাঁরা।

Be the first to comment