রোজদিন ডেস্ক :
তাঁদের মাথার দাম ছিল সাত লক্ষ টাকা। একদা ঝাড়খন্ডের ত্রাস সেই মাওবাদী দম্পতি মঙ্গল ও মালতী আজ লালবাজারে এসে কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ সহ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাঁরা নিজেদের অস্ত্রও জমা দেন৷
পরে মঙ্গল জানান, অস্ত্র দিয়ে সমাজের কোন মঙ্গল হয় না। এর মাধ্যমে ধ্বংস ও রক্তপাত ছাড়া কিছু অর্জন করা যায় না। এই উপলব্ধি থেকেই তাঁরা হিংসার পথ ছেড়ে জীবনের মূলস্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
ঝাড়খন্ডের এই মাওবাদী দম্পতির আত্মসমর্পণ গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, এই দম্পতির মাথার দাম ছিল সাত লক্ষ টাকা। শুধু মঙ্গলের মাথার দাম ই ছিল পাঁচ লক্ষ টাকা। এই দম্পতির বিরুদ্ধে এই রাজ্য সহ অন্য রাজ্যেও বহু মামলা আছে, তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়খণ্ড পুলিশের একটি বিশেষ দল খুব শীঘ্রই লালবাজারে এসে ওঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন৷ এর পাশে রাজ্য সরকারের নির্দিষ্ট নীতি ও পুনর্বাসন প্যাকেজ মেনে কিভাবে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় তাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Be the first to comment