রোজদিন ডেস্ক : রাজধানীতে আগুন! রবির সকালে উত্তর-পশ্চিম দিল্লির রোহিণী সেক্টর ১৭-এর শ্রী নিকেতন অ্যাপার্টমেন্টের কাছে যে বস্তি রয়েছে সেখানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। একের পর এক ঝুপড়ি পুড়ে খাক হয়ে যায়। এতে জীবন্ত পুড়ে দুজন শিশু মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন।
বিধ্বংসী অগ্নিকাণ্ডে বস্তির দুই শিশুর জীবন্ত দগ্ধে প্রাণ গিয়েছে। আহতও হয়েছেন বেশ কয়েকজন।
সংবাদমাধ্যম সূত্রের খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই এলাকা পুরো ধোঁয়ায় ঢেকে যায়। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা এদিন বেলা ১২টা নাগাদ আগুন লাগার ফোন পান। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২টি শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘন ধোঁয়ায় ওই এলাকা ঢেকে যাওয়ায় দমকল আধিকারিকরা আগুন নেভাতে হিমশিম খান। পুলিশ এবং দমকল বাহিনীর একাধিক দল মোতায়েন করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ডেপুটি পুলিশ কমিশনার (রোহিণী) অমিত গোয়েল জানিয়েছেন, ‘আগুনে ৪০০-টিরও বেশি ঘর পুড়ে গিয়েছে। দুই শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, দিল্লিতে আরেকটি পৃথক ঘটনায়, রবিবার দুপুরে শকরপুর থানা এলাকার জঙ্গলে ভয়াবহ আগুন লাগে। দিল্লির দমকল বিভাগের মতে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। গীতা কলোনি ফায়ার স্টেশনের সাব-অফিসার ভীমসেন সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, তাঁরা বেলা ১২টা ১৫ নাগাদ লক্ষ্মীনগর থেকে আইটিও-র দিকে যাওয়ার পথে জঙ্গলে আগুন দেখতে পান। তাঁরাই খবর দেন দমকলে। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Be the first to comment