রোজদিন ডেস্ক, কলকাতা:- সপ্তাহের শুরুতেই ট্র্যাকে জল জমে ব্যাহত মেট্রো পরিষেবা। আপাতত গিরিশ পার্ক থেকে ময়দানের মাঝে মেট্রো চলাচল বন্ধ। কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলছে। তবে গতি খুবই ধীর বলে যাত্রীদের অভিযোগ।
জানা যায়, রবিবার গভীর রাতে এবং সোমবার ভোরের বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন। তার প্রভাব পড়েছে মেট্রোতেও। সোমবার সকাল ৮টার কিছু পর থেকেই মেট্রোর গতি ধীর হতে শুরু করে বলে যাত্রীদের অভিযোগ। কোনও মেট্রো দমদম থেকে ছাড়তে দেরি করেছে, কোনওটা আবার দমদম স্টেশন ছাড়লেও তারপরেই থামতে থামতে এগিয়েছে।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার কথা ভেবেই এই মুহূর্তে গিরিশ পার্ক থেকে ময়দানের মাঝে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তাঁরা দেখছেন কেন জল জমেছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Be the first to comment