রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা কান্ডের পর ফের কল্যানীতে ধর্ষণ। বার বার একই প্রশ্ন উঠছে আর কোথায় নিরাপত্তা ?
জানা যাচ্ছে, শনিবার রাতে ১৯ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এক ২৭ বছরের যুবককে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কল্যাণী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, শনিবার রাতে বাড়ি থেকে তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনাস্থল ছিল বাড়ির কাছেই একটি স্কুলের পেছনে নির্জন এলাকা। এরপর রাতেই মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। খুঁজতে খুঁজতে স্কুলের পেছনে যান যুবতীর মা। সেখান থেকেই মেয়েকে জামা কাপড় ছেঁড়া অবস্থায় বেরোতে দেখেন তিনি। যুবতীর পাশেই ছিল এক নেশাগ্রস্ত যুবক। মেয়ের মাকে দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন তিনি। চড়-থাপ্পড় মেরে ওই যুবককে আটকে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পরিবারের দাবি, যুবতীর চোখের নিচে, ঠোঁটে, মুখে ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতীর বাবা-মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। রবিবার দুপুরে যুবতীর মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment