রোজদিন ডেস্ক: ফের মেট্রো পরিষেবা বন্ধ। ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। শহরের লাইফলাইন হল মেট্রো। নভেম্বরের শেষ থেকেই শুরু হয়ে যায় শীতের পালা। এই সময়ে জেলা, দেশ, বিদেশ থেকে পর্যটকেরা আসেন কলকাতায়। ঘোরার জন্য রবিবার ছুটির দিনটাই পছন্দের তাঁদের। এই অবস্থায় প্রায় একমাস ধরে প্রতি রবিবার করে ভাঙা রুটে ট্রেন চললে পর্যটকেরা কীকরে যাতায়াত করবেন? উঠছে প্রশ্ন। ভোগান্তিতে পড়বেন অন্য যাত্রীরাও।
শুক্রবার মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর প্রতি রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল। সন্ধে ৬টার পর্যন্ত বন্ধ রাখা হবে। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা স্বাভাবিক থাকবে। মোট পাঁচটি রবিবার প্রভাবিত হবে মেট্রো পরিষেবা। তবে ইয়েলো ও গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, ১৩ ডিসেম্বর বন্ধ থাকবে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা। এই চারদিন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার এবং মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর—উভয় দিকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। শেষ মেট্রো চলবে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী।
রবিবার হওয়ায় পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না। তাই নভেম্বর ও ডিসেম্বরের এই পাঁচটি রবিবার যাতায়াতের আগে যাত্রীদের মেট্রোর সময়সূচি ও পরিষেবা সংক্রান্ত বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Be the first to comment