রোজদিন ডেস্ক : ফের হেনস্থার শিকার বাঙালি পরিযায়ী শ্রমিক। তামিলনাড়ুতে বাংলা ভাষায় কথা বলার অভিযোগেই তাঁকে আটক করেছে, এমনটাই অভিযোগ জানায় তাঁর পরিবার।
টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব শেখ পেশায় পরিযায়ী শ্রমিক, গত পাঁচ বছর ধরে তামিলনাড়ুর পেরেমবালা এলাকায় কাজ করছেন। পরিবার সূত্রের খবর, গত ২২ জুলাই হঠাৎ করেই রাজীব শেখ ও আরও কয়েকজনকে আটক করে স্থানীয় পেরেমবালা থানার পুলিশ। প্রথম কয়েকদিন পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল রাজীব শেখের। এরপর হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানার পক্ষ থেকে নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া হলে সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেয় পরিবার। তবুও এখনও ছাড়া পাননি রাজিব। ইতিমধ্যেই কেটে গিয়েছে ২১ দিন।
রাজীবের স্ত্রী জানান, “আমরা সমস্ত কাগজপত্র পাঠিয়েছি। ওখানে পাঁচ বছর ধরে কাজ করছে, অথচ এখন বাংলা বলার অপরাধে ওকে আটক রাখা হয়েছে। এখন আর ফোনেও কথা বলা যাচ্ছে না। খুব চিন্তায় আছি, ছেলে-মেয়ে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।”
উল্লেখ্য, এর আগেও ভিনরাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। প্রতিবারই রাজ্য সরকারের তরফে দ্রুত হস্তক্ষেপে মেলে সমাধান। এবারও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দিকে তাকিয়ে সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকের পরিবার।

Be the first to comment