প্রতিবেদন: নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটগ্রহণের আগে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেয়ে জেল মুক্ত হয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তবে তাঁর জামিনের বিরোধিতা করে বুধবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিনই শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়। যদিও জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি খারিজ করেছে শীর্ষ আদালত। আগামী সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের হয়ে মামলাটি উল্লেখ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, এটি খুনের মামলায় দেওয়া অন্তর্বর্তী জামিনের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন। মঙ্গলবার নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে শুনানি না হলে মামলাটি কার্যত অপ্রয়োজনীয় হয়ে যাবে। তবে জরুরি ভিত্তিতে শুনানির আর্জির জবাবে প্রধান বিচারপতি জানান, সোমবার মামলাটি শোনা যেতে পারে। তার আগে সম্ভব নয়।

Be the first to comment