প্রতিবেদন: শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জাতিগত শ্রেণি বা ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ চেয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলেন এসএলএসটি ২০২৫-এর চাকরিপ্রার্থী। আবেদনকারীদের বক্তব্য, তাঁরা যখন আবেদন করেছিলেন তখন তাঁদের সাব-কাস্ট ওবিসি-এ তালিকাভুক্ত ছিল, তাই ওবিসি-এ হিসেবেই তারা চাকরির আবেদন করেছিলেন। পরবর্তীকালে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের সাব-কাস্ট ওবিসি তালিকা থেকে বাদ যায়। ফলে তাঁরা এখন ইডব্লিউএস ক্যাটাগরির যোগ্য এবং তাঁদের কাছে বৈধ ইডব্লিউএস শংসাপত্রও রয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ক্যাটাগরি আপডেট করার জন্য অনলাইনে যে সুবিধা দিয়েছিল, সেখানে ওবিসি থেকে ইডব্লিউএস-এ বদলের কোনও অপশনই ছিল না। এর ফলে তাঁরা ক্যাটাগরি সংশোধন করতে পারছেন না এবং সেক্ষেত্রে তাঁরা জেনারেল ক্যাটগরি বা অসংরক্ষিত প্রার্থীদের তালিকায় পড়ে যাবেন এবং সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। এই অবস্থায় তাদের দাবি, এই নিয়ে কমিশনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এই অবস্থায় আদালতের কাছে তাদের আবেদন, যাতে তাঁদের ক্যাটাগরি ওবিসি-এ থেকে ইডব্লিউএস-এ পরিবর্তনের অনুমতি দেওয়া হয় এবং বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের প্রার্থীপদ ইডব্লিউএস ক্যাটাগরিতে বিবেচনা করা হয়।

Be the first to comment