রোজদিন ডেস্ক : ঘরে বাইরে চাপের মুখে ইডি-র বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিতে নাম জড়িয়েছে তার। তার বিরুদ্ধে জমা পড়েছে চার্জশিটও। এর আগে দুবার ইডির সমন এড়িয়েছেন বীরভূমের এই টিএমসি নেতা। গত মাসে আচমকা হাজিরা দিয়েছিলেন ইডি অফিসেও। রাজ্যপাল তার বিরুদ্ধে তদন্ত নিয়ে সবুজ সংকেত দেওয়ার দল ও সরকারও যথেষ্ট অস্বস্তিতে। নিতান্ত বাধ্য হয়ে এইদিন তিনি ইডি আদালতে আত্মসমর্পণ করেন। ইডি তার ৭ দিনের হেফাজত চাইলেও বিচারক শর্তাধীনে তার জামিন মঞ্জুর করেন।
ফের রাজ্য সরকারের এক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি রীতিমত সরগরম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই ঘটনায় তীব্র ধিক্কার জানান। যে ভাবে সরকারের একের পর এক মন্ত্রী, নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও আসল মাথা অবধি কেন কেন্দ্রীয় এজেন্সি যায় না, বিরোধীরা প্রশ্ন তোলেন।
বীরভূমের বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহর বাড়িতে এর আগে তল্লাশি করে ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। এই টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি তিনি। তার বিরুদ্ধে তদন্ত চলে। দেওয়া হয় চার্জশিটও।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বোলপুরে শাসক দলের একাধিক নেতার বিভিন্ন দুষ্কর্ম্মে জড়িত থাকার অভিযোগ নিয়ে ব্যথিত স্থানীয় মানুষও।
ইডি র বিশেষ আদালতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আত্মসমর্পণ করার পর তার আইনজীবী আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক শর্তসাপেক্ষে তা মঞ্জুর করেছেন। আগামী ১৬ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে। ইডি-র আইনজীবী ধীরাজ দ্বিবেদি জানান, তারা ৭ দিনের হেফাজত চেয়েছিলেন। আদালত তা মানেনি।
আপাতত জামিন মিললেও রাজ্যের কারামন্ত্রীর কারাবাস হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Be the first to comment