রোজদিন ডেস্ক: দূষ্কৃতীদের হাতে আক্রান্ত কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত
দুষ্কৃতীদের দিকে। তাঁর গাড়ি আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার জেরে বিধায়কের বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছে। শনিবার জয়নগর থানা এলাকায় বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের উপর এই হামলা হয়। জয়নগর থানার মনসাতলা ও গৌড়বেড়িয়া হাট এলাকায় তাঁর গাড়ি আটকে ইট ও লাঠি দিয়ে মারধর করা হয়। শনিবার নিজের কার্যালয়ে গিয়েছিলেন বিধায়ক। সেখান থেকে ফেরার পথে বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতী মনসাতলা এলাকায় তাঁর গাড়ি আটকায় বলে অভিযোগ। বিধায়ককে প্রথমে গাড়ি থেকে নামতে বলা হয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল করিস? তোকে দেখে নেব বলে হুমকি দেওয়া হয়। শুরু হয় ইট ছোঁড়া। কোনও রকমে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। গৌড়বেড়িয়া হাট এলাকায় ফের বিধায়কের গাড়ি আটকানো হয়। সেখানে তাঁকে গালিগালাজ করার পাশাপাশি ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। লাঠি দিয়েও মারধর করা হয়। বিধায়কের অভিযোগ, কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন, কেন এই আসনে জয়ী হয়েছেন, সেই প্রশ্ন তুলে তাঁর উপরে হামলা করে দূষ্কৃতীরা। বিধায়কের আঘাত গুরুতর। তাঁর নিরাপত্তারক্ষী এবং গাড়ি চালকও জখম হয়েছেন।

Be the first to comment