রোজদিন ডেস্ক : মহিলা সংরক্ষণ সংশোধনী বিলে বিরোধিতা করলে রাজনৈতিকভাবে মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সংসদে এই বিল সহ তিনটি বিল নিয়ে আলোচনা চলছে।
মহিলা সংরক্ষণ সংশোধনী বিলকে কোন রাজনৈতিক রঙ না দেওয়ার জন্য বিরোধীদের আর্জি জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, আগে যাঁরা এর বিরোধিতা করেছেন নির্বাচনে তার ফল ভুগতে হয়েছে। মহিলারা তাঁদের ক্ষমা করেননি বলে তিনি মন্তব্য করেন। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের উচ্ছ্বসিত প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, গত ২৫/৩০ বছরে মহিলারা তৃণমূল স্তরে নেতৃত্বে এসেছেন। শুধু সংসদেই না, বহু ক্ষেত্রেই তাঁদের সিদ্ধান্ত প্রভাব ফেলেছে। আজ যাঁরা এর বিরোধিতা করবেন, তাঁদের দীর্ঘদিন এর ফল ভুগতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এলাকা পুনর্বিন্যাস নিয়ে কোন রাজ্যর প্রতি অবিচার করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বড় হোক বা ছোট রাজ্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোথাও পুনর্বিন্যাসের ফলে কোন বৈষম্য, অবিচার হবে না। কোন রাজ্যেরই সংসদে আসন কমবে না। বরং একই ভাবে বাড়তে পারে৷ যদি কোন রাজনৈতিক দল এর বিরোধিতা করে তবে তিনিই সুবিধা পাবেন বলে প্রধানমন্ত্রী জানিয়ে দেন।
তিনি আরও বলেন, ২০২৯ সালে এই সংরক্ষণের কৃতিত্ব তাঁরা নিতে চান না, বিরোধীদেরই দিতে চান। ২০২৩ সালে যখন সংসদে এই বিল নিয়ে আলোচনা হচ্ছিল, জনতা তা দ্রুত রূপায়ণ চাইছিলেন। আজ এই বিল নিয়ে সংদদে দীর্ঘ আলোচনা চলছে।

Be the first to comment