রোজদিন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউইয়র্কে জাতি সংঘের তরফে প্রকাশিত বক্তাদের প্রাথমিক তালিকায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে। তাই আগামী মাসেই মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়ে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে আসেন। সেই বৈঠকের পর যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয়, ২০২৫ সালের মধ্যে (অক্টোবর-নভেম্বর) পারস্পরিকভাবে লাভজনক বহু-খাতভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (বিটিএ) প্রথম ধাপ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আর এই আলোচনার মাঝেই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করে দেন। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক থাকবে রাশিয়ান তেল কেনার জন্য, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এই শুল্ক আরোপের জবাবে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ‘ভারতকে টার্গেট করে এই পদক্ষেপ অন্যায্য ও অযৌক্তিক। যেকোনও বড় অর্থনীতির মতোই ভারতও দেশের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
ট্রাম্পের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশ ঘোষণার সময়েই জানা যায়, ২৫ আগস্ট থেকে মার্কিন প্রতিনিধি দল ভারতে আসবে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ষষ্ঠ দফার আলোচনায় অংশ নিতে। দুই দেশই এই বছরের নভেম্বর মাসের মধ্যে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন করতে চায়।

Be the first to comment