প্রতিবেদন: আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে এবার রাজ্যের সমস্ত সরকারি কর্মী, আধিকারিক, চুক্তিভিত্তিক কর্মচারী, দৈনিক মজুরির শ্রমিক এমনকি আউটসোর্সিং কর্মীদেরও যোগাভ্যাসে অংশ নেওয়ার নির্দেশ জারি করল নবান্ন। ১৪ জুন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সই করা নির্দেশিকায় বলা হয়েছে, ২১ জুন সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত নির্ধারিত যোগ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, জেলাশাসক, বিভাগীয় কমিশনারদের এই অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্বও দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, পার্ট-টাইম, দৈনিক মজুরির কর্মী, আউটসোর্সড কর্মী থেকে সম্মানিকভিত্তিক কর্মী, সকলকেই যোগ দিবসের কর্মসূচিতে অংশ নিতে হবে। যাঁদের মনোনীত করা হবে, তাঁরা রেড রোড বা মিলন মেলার মূল অনুষ্ঠানে অংশ নেবেন। অন্যরা নিজ নিজ কর্মস্থল থেকে যোগাভ্যাস করবেন। এই নির্দেশ সামনে আসতেই প্রশাসনিক মহল ও রাজনৈতিক পরিসরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, এতদিন যোগ দিবসকে স্বেচ্ছামূলক কর্মসূচি হিসেবেই দেখা হত। কিন্তু এবার অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়ায় বিরোধীদের একাংশের অভিযোগ, সরকারি কর্মীদের উপর পরোক্ষ বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলা যোগ দিবসকে কেন্দ্র করে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যেই সব সরকারি দপ্তরকে কর্মী পাঠানোর নির্দেশ, ‘যোগ সঙ্গম’ পোর্টালে নথিভুক্তিকরণ এবং নোডাল অফিসার নিয়োগের নির্দেশ জারি হয়েছে।

Be the first to comment