রোজদিন ডেস্ক :
নন্দীগ্রাম উপ নির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথ রেকর্ড ভোটে জয়ী হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দাবি করেন। নির্বাচনের পর তাঁর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ নৃশংস ভাবে খুন হন, তাঁর মা কে প্রার্থী করেছে বিজেপি। আজ তাঁকে নিয়ে বিশাল মিছিল করে হলদিয়ার মহকুমা শাসক দফতরে মনোনয়ন পত্র জমা দিতে নিয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, তিনি জানেন কি করে ভোট করাতে হয়। হাসিরানী রথ রেকর্ড ভোটে এখানে জিতবেন।
এই উপ নির্বাচনে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা সরকারের সঙ্গে থাকবেন কিনা আগামী ৬ অক্টোবর তার পরীক্ষা হবে। ওঁরা তাঁদের ভোট দেন না। কিছুটা হুঁশিয়ারির সুরে বলেন, নন্দীগ্রাম ও রেজিনগরে এটাই তাঁদের শেষ সুযোগ। তাঁরা যদি সরকার – মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান, হাতে হাত মিলিয়ে কাজ করতে চান, এটা তাঁদের পরীক্ষা।
সূত্রের খবর নন্দীগ্রামের ৭৫ শতাংশই হিন্দু, কিন্তু বাকি ২৫ শতাংশ সংখ্যালঘুর ভোটও এখানে কম গুরুত্বপূর্ণ না। ঋতব্রত শিবির এখানে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে।
অন্যদিকে রেজিনগরে ৭০ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। বিজেপি ছাড়া বাকি সব দলই এই কেন্দ্রে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে।
মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, নন্দীগ্রামের উন্নয়নের জন্য তাঁরা সব সময় নজর দিয়েছেন, ভবিষ্যৎ-এও দেবেন।
বিজেপি প্রার্থী হাসিরানী রথ বলেন, নন্দীগ্রামের উন্নয়নে তিনি শেষ রক্ত বিন্দু দিয়ে কাজ করবেন।

Be the first to comment