মহাগটবন্ধনের ইস্তাহার মিথ্যের ঝুড়ি, তোপ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারে মহাগটবন্ধনের নির্বাচনী ইস্তাহার মিথ্যের ঝুড়ি বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএ-র ইস্তাহারের ঢালাও প্রশংসা করে তিনি একে বিহারের দ্রুত উন্নয়নের সৎ ঘোষণা বলে জানান।

আজ বিহারের আরায় নির্বাচনী সমাবেশে বিরোধী আরজেডি, কংগ্রেসকে তুলোধোনা করে এনডিএ-র প্রশংসায় মুখর হন। বিরোধীরা ফের ক্ষমতায় এলে রাজ্যে জঙ্গলরাজ কায়েম হবে বলে সতর্ক করেন।

প্রসঙ্গত, আজ কাকভোরে বিরোধী জন সুরজ পার্টির কর্মীকে খুনের দায়ে জেডিইউ এর বাহুবলি নেতা তথা মোকামার প্রার্থী অনন্ত সিং-কে গ্রেফতার করে পাটনা নিয়ে গেছে পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, আরজেডি রাজ্যে জঙ্গলরাজ ও তুষ্টিকরণের (পড়ুন সংখ্যালঘুদের)  রাজনীতি এনেছিল, আর কংগ্রেসের পরিচিতি হল শিখ গণহত্যার। বলেন, ১৯৮৪ সালের এক, দুই নভেম্বরে শিখদের রক্তে ভিজেছিল দেশ। এখনও সেই গণহত্যাকারীদের কংগ্রেস দলে মর্যাদা দেয়, তাদের উন্নত করে।

রাজ্যে অনেক পাপ করে লালু যাদবের কোন অনুতাপ নেই, যেমন নেই কংগ্রেসেরও বলেন প্রধানমন্ত্রী।

বিরোধীদের শাসনের নমুনা বিহারের আমজনতা সব জানেন বলে মন্তব্য করেন। তাঁর দাবি, এবার এনডিএ এখানে রেকর্ড আসনে জিতবে, আর জঙ্গলরাজের স্রষ্টারা রেকর্ড আসনে হারবেন।

বিহারে শিল্পায়ন-সহ সব দিকে উন্নয়ন করা হবে। আগামী দিনে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। বিহারের তরুণদের আর রাজ্যের বাইরে যেতে হবে না বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*