ভারত-পাক যুদ্ধের মাঝে রাজ্যের বিভিন্ন জেলাগুলিকে ৩ মাসের জন্য কড়া নির্দেশ নবান্নের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত-পাক যুদ্ধের আবহে রাজ্যের বিভিন্ন জেলাগুলির জন্য আগামী ৩ মাস কড়া বার্তা দিল নবান্ন।
আপাতত সংঘর্ষ বিরতি চললেও ভারত পাকিস্তান এর মধ্যে এখনও উত্তেজনা বহাল রয়েছে। শনিবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে একাধিক জায়গায় গোলাগুলি, ড্রোন হামলা চালায় পাকিস্তান। পালটা ভারতীয় সেনা উচিত শিক্ষা দিতে গতকাল রাত দশটা থেকে হামলা বন্ধ রেখেছে পাকিস্তান। ভারতের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, রবিবার রাতেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলে আর ছেড়ে কথা বলা হবে না পাকিস্তানকে।
রবিবার ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বিশেষ নির্দেশ দিয়েছেন বিভিন্ন জেলা প্রশাসনকে। আগামী ৩ মাস জেলাগুলিতে যাতে খাদ্যের কোনো রকম ঘাটতি না হয় তার জন্য আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। কোনো রকম জরুরি অবস্থা দেখা দিলে রাজ্য সরকারের আগাম সব ব্যবস্থা যেন তৈরি থাকে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি আরো কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।
এদিনের ভার্চুয়াল বৈঠকে কোন জেলায় কতটা খাদ্য মজুত আছে তা নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব। প্রত্যন্ত, দুর্গম এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ে ঘেরা আন্তর্জাতিক সীমান্ত এবং সুন্দরবনের জলপথ এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে যাতে চিকিৎসা পরিষেবায় কোনো ঘাটতি না হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল গুলিকে।
পাশাপাশি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*