নিটের ফলপ্রকাশ, ভারতসেরা রাজস্থানের মহেশ

Spread the love

রোজদিন ডেস্ক : প্রকাশিত হলো নিট ইউজি ২০২৫-এর ফলাফল। চলতি বছর প্রায় ২২ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ লক্ষ ৩৬ হাজারের বেশি। উত্তীর্ণরা এমসিসি কাউন্সেলিং এবং রাজ্য স্তরের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন।
গত ৪ মে এই পরীক্ষা হয়েছিল। গত বছরের তুলনায় এবার কঠিন প্রশ্নপত্রের কারণে কাট-অফ নম্বর উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এনটিএ-এর তরফে শনিবার পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর এবং সর্বভারতীয় ব়্যাঙ্কও প্রকাশ করা হয়েছে। উল্লেখ রয়েছে পরীক্ষার্থীদের ক্যাটাগরির ব়্যাঙ্কও। স্কোরকার্ডের জন্য প্রার্থীদের ইমেল আইডি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে লগ ইন সংক্রান্ত তথ্য দিয়ে তাঁরা neet.nta.nic.in থেকে নিজেদের স্কোরকার্ড দেখতে পারবেন। রাজস্থানের পড়ুয়া মহেশ কুমার এবার নিট পরীক্ষায় প্রথম হয়েছেন। ৯৯% নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে তিনিই প্রথম বলে জানিয়েছে এনটিএ।
এনটিএ-র এক আধিকারিক জানিয়েছেন, দেশের ৫০০টি শহরের ৫ হাজার ৪৫৩টি কেন্দ্রে নিট ইউজি-র পরীক্ষা নেওয়া হয়েছিল। এর পাশাপাশি বিদেশে ১৩টি শহরে নিট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার জন্য সব ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করা হয়। আজ তার ফল বেরোল। সর্বাধিক যোগ্য পরীক্ষার্থী হলেন, উত্তরপ্রদেশ (১.৭০ লক্ষেরও বেশি), তারপর মহারাষ্ট্র (১.২৫ লক্ষেরও বেশি) এবং পরবর্তীতে রাজস্থান (১.১৯ লক্ষেরও বেশি)।
এই বছরের নিট ফলাফলে, শীর্ষ ১০ জনের মধ্যে চার জনই রাজস্থানের। মহেশ কুমার সর্বভারতীয় র‍্যাঙ্কে প্রথম স্থান অর্জন করেছেন। NEET UG-র যা ফলাফল, সেই ভিত্তিতেই কাউন্সেলিং হবে। এই কাউন্সেলিংয়ে, সর্বাধিক অর্থাৎ ১.১৮ লক্ষ আসন এমবিবিএস কোর্সের জন্য সংরক্ষিত।
রাজস্থানের সিকারের একটি বেসরকারি কোচিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন মহেশ।
দেশের মধ্যে সেরা হয়ে মহেশ কুমার সংবাদমাধ্যমকে বলেন, “আমি কখনও ভাবিনি যে দেশে প্রথম হব। তবে হ্যাঁ আমি এটা বিশ্বাস করতাম যদি কঠোর পরিশ্রম সততার সঙ্গে করা হয়, তাহলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।” তাঁর এই সাফল্যের কৃতিত্ব মহেশ বাবা-মা ও শিক্ষক এবং কোচিং ইনস্টিটিউটকে দিয়েছেন।
প্রথম দশে রয়েছেন, প্রথম মহেশ কুমার; দ্বিতীয় উৎকর্ষ আওয়াধিয়া; তৃতীয় কৃষাং যোশী; চতুর্থ মৃণাল কিশোর ঝা; পঞ্চম অভিকা আগরওয়াল; ষষ্ঠ জেনেল বিনোদভাই ভায়ানি; সপ্তম কেশব মিত্তল; অষ্টম ঝা ভাব্য চিরাগ, নবম হর্ষ কেদাওয়াত; দশম আরভ আগরওয়াল

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*