প্রতিবেদন: বিপর্যয়ের ১০ দিন পেরিয়েও নেপালে জারি রয়েছে উদ্ধার কাজ। শনিবার রাত পর্যন্ত নেপালের বিপর্যয় (NEPAL FLASH FLOOD) মোকাবিলা কর্তৃপক্ষের তরফে যে তথ্য মিলেছে তাতে দেখা যাচ্ছে, বিপর্যয়ের পর থেকে মোট ১৩,১০১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতদেহ পাওয়া গিয়েছে মোট ১,৩৩১ জনের। তার মধ্যে বেশির ভাগ দেহই শনাক্ত করা যায়নি। এ পর্যন্ত মাত্র ৯৮ জনের দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৫ হাজার জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ৫৮৯ জন বিদেশিও রয়েছেন। সবমিলিয়ে বিপর্যস্ত নেপালে হাহাকার চলছে। এর মধ্যে জলবিদ্যুৎ কেন্দ্রের দুই শ্রমিক ও এক বৃদ্ধাকে ঘটনায় প্রায় দশদিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। এতে হতাশ উদ্ধারকারীদের মধ্যে নতুন করে আশা জেগেছে। ফের নয়া উদ্যমে শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন মানুষদের জন্য আশ্রয় শিবির খুলেছে নেপাল সরকার। রাসুয়া, কাঠমান্ডু, নুয়াকোট এবং ধাড়িং মিলিয়ে মোট ৪১টি আশ্রয় শিবির চালু করা হয়েছে। শনিবার রাত পর্যন্ত সেখানে ৩,৯৮২ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

Be the first to comment